প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা, চাঁদাবাজি-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
কেরানীগঞ্জের উন্নয়ন ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ঢাকা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম ৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।ইশতেহারে অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল ও বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করে পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা হবে। একইসঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক এবং কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে জাতীয় মনিটরিং সেল গঠন এবং ওয়ার্ডভিত্তিক নিরাপত্তা কমিটি তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।তিনি আরও বলেন, আগামী তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি না করে ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়ান-স্টপ অনলাইন সেবা চালু করা হবে এবং উদ্যোক্তাদের জন্য গড়ে তোলা হবে বিজনেস ইনোভেশন হাব। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন ও মৌলিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।শিক্ষা খাতে তিনি ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষাবৃত্তি প্রদান, কারিগরি প্রশিক্ষণ, আইটি পার্ক স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন।স্বাস্থ্য খাতে আধুনিক সরকারি হাসপাতাল স্থাপন, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ডে-কেয়ার সেন্টার চালুর কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।এছাড়া এলাকার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। ‘আধুনিক কেরানীগঞ্জ ঢাকা-৩’ গড়তে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান অধ্যক্ষ শাহিনুর ইসলাম।নারী ও শিশুদের উন্নয়নে নারী উদ্যোক্তা সহায়তা বৃদ্ধি, শিশুদের বিনোদন সুবিধা সম্প্রসারণ এবং যুবসমাজের জন্য খেলার মাঠ উদ্ধার, ক্রীড়া একাডেমি, কমিউনিটি সেন্টার ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।প্রবাসী ও কর্মসংস্থান খাতে গ্লোবাল স্কিলস ডেভেলপমেন্ট হাব ও কর্মসংস্থান ইনকিউবেশন সেন্টার চালুর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল নাগরিক সেবা কেন্দ্র স্থাপন এবং অভিযোগ জানানোর জন্য একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এমপির স্থায়ী কার্যালয়, নিয়মিত নাগরিক মতবিনিময় এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত