প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
এবার নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন যারা
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে প্রবেশ এবং নির্বাচনি ব্যয়ের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।নতুন নির্দেশিকায় ভোটকেন্দ্রে কে প্রবেশ করতে পারবে, পোলিং এজেন্ট ও প্রার্থীর দায়িত্ব কী হবে এবং নির্বাচনি ব্যয়-সংক্রান্ত সীমাবদ্ধতা ও নিয়মাবলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী, ভোটকেন্দ্রে শুধু নির্বাচনি কর্মকর্তা ও কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, নির্বাচনি পর্যবেক্ষক, কমিশন অনুমোদিত ব্যক্তি এবং ভোটারদের প্রবেশাধিকার থাকবে।কোনো রাজনৈতিক দলের কর্মী বা প্রার্থীর সমর্থক ভোট প্রদানের উদ্দেশ্য ব্যতীত ভোটকেন্দ্রে প্রবেশ বা ঘোরাঘুরি করতে পারবে না। পোলিং এজেন্টদের নির্ধারিত স্থানে বসে তাদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কোনো ভোটার বা এজেন্ট প্রচারমূলক কোনো শার্ট, জ্যাকেট, ব্যাজ বা প্রতীক সংবলিত পোশাক পরিধান করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।নির্বাচনি ব্যয়সীমা সম্পর্কে জানানো হয়েছে, রাজনৈতিক দলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং প্রার্থীর ক্ষেত্রে ২০ হাজার টাকার বেশি ব্যয় হলে তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ব্যয় নির্বাচনের সামগ্রিক ব্যয়ের মধ্যে গণ্য হবে। তবে বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রচার পরিচালনা করা যাবে না।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত