প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের হুমকির জবাবে তেহরানের বিশ্ব কাঁপানো ‘চাল’
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকির জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘অনির্দিষ্টকালের’ জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের কোনো বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে তার চরম খেসারত দিতে হবে বিশ্বকে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আর কখনোই জাহাজ চলাচলের জন্য খোলা হবে না বলে ঘোষণা করেছে তেহরান।ইরান কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, বরং ইসরায়েলের জ্বালানি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকেও তাদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। একই সঙ্গে যেসব প্রতিবেশী দেশ মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও ‘বৈধ লক্ষ্য’ হিসেবে ঘোষণা করে সতর্কবার্তা দিয়েছে ইরান।কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে কম্পন শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়েছে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত