প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জের সড়কে বর্জ্যের পাহাড়, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা এর বিভিন্ন সড়কের পাশে দিন দিন জমে উঠছে বর্জ্য-আবর্জনার স্তূপ। পচা ময়লার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে এসব ময়লা অপসারণ না হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া হাইওয়ে'র তেঘরিয়া, ঝিলমিল, করেরগাও, শুভাঢ্যা, আগানগর, কালিন্দী ও কলাতিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে বড় বড় ময়লার স্তূপ জমে রয়েছে। অনেক জায়গায় এসব বর্জ্য সড়কের পাশের ফাঁকা জায়গা ও আবাসিক এলাকার ধারে ফেলা হচ্ছে।বৃষ্টি হলে এসব ময়লা পানির সঙ্গে সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা নোংরা হয়ে যাওয়ার পাশাপাশি চলাচল আরও কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও ময়লা ছড়িয়ে মহাসড়কের ওপর চলে আসায় সড়ক সংকুচিত হয়ে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে এসব ময়লার স্তূপ অপসারণ করা হচ্ছে না। দুর্গন্ধে সড়কে দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠেছে।পথচারী আবদুল আজিজ বলেন, প্রকাশ্যে ময়লা ফেলা হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দুর্গন্ধে অনেক সময় নাক চেপে পথ চলতে হয়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।আব্দুলাপুর এলাকার বাসিন্দা রুপচাঁন জানান, তেঘরিয়ার করেরগাও এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ময়লার স্তূপ জমে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে স্থানীয়দের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। ময়লা অপসারণের দাবিতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।ঝিলমিল এলাকার পথচারী হাকিম বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু পচা ময়লার তীব্র গন্ধে অনেক সময় দম বন্ধ হয়ে আসে।স্থানীয় শিক্ষার্থী নাঈম বেপারী জানান, কালিন্দী এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বলেন, সড়কের পাশে বর্জ্য ফেলা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, জনবহুল এলাকা হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সড়কের পাশে যাতে বর্জ্য না ফেলা হয়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জমে থাকা ময়লা অপসারণে উদ্যোগ নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত