প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর পল্লবী, ঢাকার আশুলিয়ার জিরাবো থানা এলাকা ও সাভারের ভাকুর্ত ইউনিয়নের মুণ্ডরীখোল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। গত ১০ মার্চ তারা কাজীপাড়া বাসস্ট্যান্ড বড় মসজিদের সামনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। পরে দুপুরে দক্ষিণ মনিপুরি পাড়ার একটি বাসায় প্রবেশ করে লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এই ঘটনায় ওইদিনই মিরপুর মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা।তিনি আরো জানান, এই ঘটনার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ডাকাতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত মো. ইমরান হাওলাদার এবং তদন্তেপ্রাপ্ত আসামী সজীবকে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মো. মাসুদ মিয়াকে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় এবং ডাকাতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত মো. সুমন ও তদন্তেপ্রাপ্ত আসামী আনিছুর রহমান ওরফে নবীকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার করা হয়।#
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত