প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
টাকার অভাবে চিকিৎসা বন্ধ, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা খানম
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ঢাকার নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানমের মানবিক উদ্যোগে চিকিৎসা পুনরায় শুরু করার সুযোগ পেলেন আর্থিক সংকটে পড়া এক অসহায় বৃদ্ধ আব্দুল হাসেম। টাকার অভাবে দীর্ঘদিন চিকিৎসা বন্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় নতুন করে আশার আলো দেখছেন তিনি।মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সহায়তা চাইলে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান ডিসি ফরিদা খানম।জানা যায়, মুন্সিগঞ্জের শ্রীপুর উপজেলার বাসিন্দা আব্দুল হাসেম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারছিলেন না। সংসারের নিত্যপ্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হওয়ায় তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যায়, ফলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলেও টাকার অভাবে সেগুলো করানো সম্ভব হয়নি।এ অবস্থায় আব্দুল হাসেমের স্ত্রী শাহিদা বেগম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সহযোগিতা চান। বিষয়টি জানতে পেরে ডিসি ফরিদা খানম নিজ কক্ষে ডেকে নিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, আব্দুল হাসেমের চিকিৎসা নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য সার্বিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে তাকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।এদিকে ডিসির সহায়তা পেয়ে আব্দুল হাসেমের স্ত্রী শাহিদা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “টাকার অভাবে আমরা চিকিৎসার আশা ছেড়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আবার বাঁচার সুযোগ পেয়েছি।”তিনি জানান, রমজানের আগে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে বেশ কিছু পরীক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। বর্তমানে রোগটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, “হাত দিয়ে টুপিও মাথায় দিতে পারেন না। হাত অবশ হয়ে থাকে, এমনকি বাথরুমে গেলেও পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।”তিনি আরও জানান, তাদের নিজের কোনো ভিটেমাটি নেই। ছেলেরা অল্প কিছু টাকা দিলেও তা দিয়ে সংসার চলে না। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “প্রশাসনের দায়িত্ব শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। কেউ যেন শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি অসহায় ও দুস্থ মানুষের জন্য সরকারি সহায়তা সহজলভ্য করতে। মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় মানবিক সহায়তা নিয়ে পাশে থাকব।”স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত