প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
কেরানীগঞ্জে নদীতে যুবকের লাশ, রাস্তার ধারে বৃদ্ধার মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ ও মডেল কেরানীগঞ্জ থানাধীন এলাকায় পৃথক দু'টি স্থান থেকে এক যুবক এবং এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেন হাসনাবাদ নৌ-পুলিশ। একই দিনে জিনজিরা সৈয়দপুর সড়কের দেওশুর এলাকা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ সুত্র বলছে, সকালে স্থানীয় লোকজন দেওশুর এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৭৫ বছর। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এলাকায় ঘুরে বেড়াতেন এবং কখনো কখনো ভিক্ষাও করতেন। তার পরনে ছিল ময়লা প্রিন্টের কাপড়।এদিকে, বিকাল ৫ টার দিকে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর শ্যামপুর খেয়াঘাট এলাকায় মাঝনদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হাসনাবাদ নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটির পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের ফুলহাতা শার্ট। দীর্ঘসময় পানিতে থাকার কারণে শরীরে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ধারণা করছে, মরদেহটি দুই'টি থেকে তিন দিন আগের। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।ওই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত