প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
কেরানীগঞ্জের হাসনাবাদে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার গেট ও কক্ষের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী আকবর আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকার বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় বসবাস করছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মে বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি বাসা তালাবদ্ধ করে মডেল টাউন এলাকায় যান। পরে ১২ মে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান, বাসার গেট ও কক্ষের দরজা ভাঙা। পরে পুলিশকে খবর দিয়ে তাদের সহায়তায় ঘরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।ভুক্তভোগীর দাবি, চোরেরা বাসায় থাকা তিনটি সিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নিয়ে গেছে। এছাড়া আলমারিতে থাকা ব্যবসার নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা এবং প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন দামী কাপড়চোপড় চুরি হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৯ মে বিকেল ৫টা থেকে ১২ মে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়। সবমিলিয়ে প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।ভুক্তভোগী আরও জানান, ২০২০ সালেও একই বাসায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। এবারও ঘটনার পর স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত