প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
কেরানীগঞ্জে ইজারা দেওয়ার আগেই দখল পশুর হাট!
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ইজারা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিভিন্ন এলাকায় পশুর হাট বসানোরপ্রস্তুতি শুরু করেছেন ইজারাদাররা। পশুর হাট বসানোর জন্য খেলার মাঠ ও সড়ক দখলের অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমবাগিচা খেলার মাঠে ইতোমধ্যেই গরুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও মাঠটি পশুর হাটের জন্য নির্ধারণ করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে ইজারা চুক্তি সম্পন্ন হয়নি। তবে এর আগেই মাঠে বাঁশ, টিন ও অস্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।একই চিত্র রোহিতপুর নতুন সোনাকান্দা ও শাক্তা মিলিনিয়াম সিটি খেলার মাঠ এলাকাতেও। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক আগেই হাট প্রস্তুতির কাজ শুরু হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে।স্থানীয়দের দাবি, আগেভাগেই মাঠ দখল করায় শিশু-কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও উপজেলা প্রশাসনের দাবি, শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কেরানীগঞ্জে মোট ১০টি পশুর হাট বসবে। এর মধ্যে ৮টিই অস্থায়ী। সংশ্লিষ্টদের মতে, হাট বসানোর অন্তত ১২ দিন আগে প্রস্তুতি শুরু করা ইজারার শর্তের পরিপন্থী।এদিকে, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক মো. উমর ফারুক জানান, ইজারার ক্ষেত্রে কয়েকটি শর্ত থাকবে। তিনদিনের বেশি হাট বসানো যাবে না, যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না এবং হাটের বর্জ্য নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসতে দেওয়া হবে না। নির্ধারিত সীমানার বাইরে বা সময়ের আগে কেউ হাটের কার্যক্রম শুরু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত