প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
জবিতে চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণ বিস্তারে যৌথ কর্মশালা
জবি প্রতিনিধি ||
বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব” শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকলেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে শিল্পটি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। বর্তমান বিশ্বায়ন ও ডিজিটাল যুগে চলচ্চিত্র শিক্ষা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও জাতীয় পরিচয় নির্মাণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণ এখনও অধিকাংশ ক্ষেত্রে ঢাকা-কেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মেধাবী তরুণরা পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামো ব্যবহার করে স্থানীয় পর্যায়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র শিল্প ও ফিল্ম কমিশন গঠনের মাধ্যমে শক্তিশালী ‘লোকালাইজড ফিল্ম ইকোসিস্টেম’ গড়ে তোলার কথাও তিনি তুলে ধরেন।আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র অঙ্গনে বিসিটিআইয়ের অবদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বিসিটিআই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ ভবিষ্যতে চলচ্চিত্র শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।এছাড়া বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, চলচ্চিত্র গবেষক মীর সামসুল আলম বাবু এবং চলচ্চিত্র নির্মাতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব। তারা দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব এবং বিসিটিআইয়ের দীর্ঘমেয়াদি ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালার সূচনা বক্তব্য দেন বিসিটিআইয়ের উপপরিচালক মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্র শিক্ষা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত