প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে অর্থপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- মো. আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) ও মো. সাহাব উদ্দিন (৪৮)।শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস শাখার একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।তিনি আর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন বেটিং ও অবৈধ অর্থ লেনদেন চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। আদালতে তাদের রিমান্ড আবেদন করা হবে।সিআইডির এই কর্মকর্তা আরো জানান, সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় দেখতে পায়, কিছু চক্র বাংলাদেশে অবৈধভাবে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করছে। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এর প্রেক্ষিতে গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত