প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই: আমানউল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি গণতন্ত্র ও উন্নয়ন এবং শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ দলে (বিএনপি) সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছে। আজ শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, বিএনপির সরকার মানেই উন্নয়নের সরকার। দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনকল্যাণে বিএনপি সবসময় কাজ করেছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ওপর আস্থা রেখেছেন। বিএনপি সরকার জনগণের সরকার। বিএনপি সরকার যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সে সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছে।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত