প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন : গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে
আদালত প্রতিবেদক ||
রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) কে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রিয়াজুল হাসান নামে এক ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। একইসাথে আল আমিন মাহিন নামে আরেক আসামিকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।আজ বুধবার (১০ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এসব আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। পরে আদালত রিয়াজুলকে পাঁচদিন ও আল আমিনকে চার দিনের রিমান্ডের আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, সালিশের কথা বলে ডেকে এনে গত সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ঢাকা থেকে আল আমিনকে আর রিয়াজুলকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত