প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, অনিশ্চয়তায় কূটনীতি
আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা আপাতত হচ্ছে না।শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এ বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।আলোচনা স্থগিত হওয়ার পাশাপাশি বাতিল করা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সফরও। এতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।মধ্যস্থতাকারী দলের কয়েকটি সূত্র জানিয়েছে, আলোচনা পুরোপুরি বাতিল হয়নি, বরং তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।একই ধরনের বার্তা এসেছে সুইস কতৃপক্ষের কাছ থেকেও। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পরবর্তী ধাপ আপাতত স্থগিত করা হয়েছে।সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নির্ধারিত বৈঠক আপাতত না হলেও সুইজারল্যান্ড এই আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। এর জন্য দেশটির লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট বুর্গেনস্টকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ এখনো চলমান রয়েছে।এদিকে, আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।গত বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় স্থান পাওয়ার কথা ছিল। প্রথম দিনেই অংশ নেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত