প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
সমীকরণ মিললেই সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক ||
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে তার রোমাঞ্চ পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।প্রায় ৩৫ বছর ধরে বিশ্বকাপে মুখোমুখি হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনা। সবশেষ ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের শেষ ষোলোতে তুরিনে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের কোনো আসরেই দেখা হয়নি দুই লাতিন পরাশক্তির।তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। চলমান বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ অনুযায়ী, দুই দল নিজেদের ম্যাচগুলো জিততে পারলে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। শীর্ষস্থান নিশ্চিত করায় দ্বিতীয় রাউন্ডে লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমান সমীকরণ অনুযায়ী সেই অবস্থানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।অন্যদিকে, শুরুটা ধীরগতির হলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে নেইমারদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। সেই গ্রুপে এখনো লড়াইয়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। তাদের মধ্য থেকেই একটি দল ব্রাজিলের প্রতিপক্ষ হবে।দুই দলই যদি দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা মিলবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের।তাহলে ১৯৯০ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোটি ভক্তের স্বপ্নের ম্যাচ উপহার দিতে পারে এবারের বিশ্বকাপ। তবে সেই মহারণের জন্য দুই দলকেই আগে নকআউটের কঠিন পথ পাড়ি দিতে হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত