প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
কোস্ট গার্ডের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ‘দুলাভাই’, নিহত ১
খুলনা প্রতিনিধি ||
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনায় শওকত সরদার নামে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে সুন্দরবনের বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের একপর্যায়ে বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্টগার্ড।শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামকে হাসপাতালে আনা হলে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়।হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের রবিউল ইসলামকে (৫০) সকাল ৯টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোস্ট গার্ডের সদস্যরা। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যান তারা।এদিকে নিহত শওকত সরদারের পরিবারের দাবি, তিনি বনদস্যু নন। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রেখেছিলেন।জানা গেছে, কয়রা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীতে বিশেষ অভিযানে থাকা কোস্ট গার্ডের বোট টাইফুন-১৭’র মুখোমুখি হয় বনদস্যু দুলাভাই বাহিনীর দুটি কাঠের বোট। বোটে থাকা বনদস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার জন্য কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। এ সময় বনদস্যুদের একটি বোট ডুবে যায় এবং অন্যটিতে আগুন লাগে। এ ঘটনায় শওকত সর্দার নামে একজন নিহত হন। গোলাগুলিতে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম আহত হন।স্থানীয়রা জানান, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শিবসা নদী। নদীর ওপারেই সুন্দরবন। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা বননির্ভর। মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহের জন্য তাদের নিয়মিত সুন্দরবনে যেতে হয়। তাই বন থেকে ভেসে আসা টানা গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতো দীর্ঘ সময় ধরে টানা গোলাগুলির ঘটনা আগে কখনো ঘটেনি।তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দা কামরুল বলেন, প্রায় ৪৫ মিনিট গোলাগুলি হয়েছে। গ্রামের মানুষ ঘর থেকে রাস্তায় নেমে এসেছিল। প্রথমে সবাই ভেবেছে জাহাঙ্গীর বাহিনী ও দুলাভাই বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পরে সকালে জেনেছি, কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি হয়েছে।স্থানীয় আরেক বাসিন্দা জানান, রাতে গুলির শব্দে আগুনের শিখাও দেখা যাচ্ছিল। ঘটনাটি লোকালয় থেকে খুব বেশি দূরে না।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত সুন্দরবনে আমাদের অভিযান চলছে। কুখ্যাত দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন অভিযানে রয়েছেন।মহেশ্বরীপুর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরে বিভিন্ন বনদস্যু চক্র সক্রিয়। মাঝেমধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও গতকাল রাতের মতো এত দীর্ঘ সময় ধরে গোলাগুলির ঘটনা অনেক দিন দেখা যায়নি। এতে তেঁতুলতলার চরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ রাতভর আতঙ্কে কাটিয়েছেন।কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, সুন্দরবনে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে তিনি বনদস্যু কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আটক করা হয়েছে। সুন্দরবনের ভেতরে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনীর প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এখনও অভিযান চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত