প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
নারীর ঘরে আটক ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে
মোঃ শিহাবুল আলম সায়েম, রায়গঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীর ঘরে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর ওই নারীকেই বিয়ে করেছেন একটি মসজিদের ইমাম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিম মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী তাকে সেখানে আটক করেন।মসজিদের কয়েকজন মুসল্লির দাবি, প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন সেলিম। এ ঘটনায় তারা বিব্রত ও হতাশ।স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল।অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, প্রায় দেড় মাস আগে মোবাইল ফোনে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে এবং ওই রাতে তিনি শানু বেগমের বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন।অন্যদিকে শানু বেগম বলেন, "আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।"পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা শেষে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম সেলিম স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি পুলিশ জেনেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত