প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
ইরাক থেকে মাশহাদে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের পাশে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইরাকে ছয় দিনব্যাপী চলা রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের চূড়ান্ত ধাপ হিসেবে কফিনটি নাজাফ থেকে মাশহাদে নেওয়া হচ্ছে। এর আগে নাজাফ, কারবালা এবং দুই দেশের বিভিন্ন শহরে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানান, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের পাশে দাফন করা হয়। সেই ইচ্ছার প্রতিফলন হিসেবেই আজ তার দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।গত শুক্রবার থেকে শুরু হওয়া শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ইরানের শীর্ষ কর্মকর্তা, বিদেশি প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে ইরাকের বিভিন্ন শহরেও তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত শুরু হয়। কয়েক সপ্তাহের যুদ্ধ শেষে একটি প্রাথমিক শান্তি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত