প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
ভারতের ভ্রমণ ভিসা চালু, আখাউড়ায় বাড়ছে যাত্রী পারাপার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় বাংলাদেশিদের ভারতে যাতায়াত আবার শুরু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় প্রথম বাংলাদেশি যাত্রী ভারতে প্রবেশ করেন।সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আগত যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। তারা ভ্রমণ ভিসায় দেশে প্রবেশ করছেন। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বেশিরভাগ যাত্রী এখনো চিকিৎসা ভিসা ব্যবহার করছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা বাড়ছে। ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।দুই বছর পর ভ্রমণ ভিসা নিয়ে প্রথম ভারতে যাওয়া যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান।আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। ৮ জুলাই থেকে ভিসা ইস্যু শুরু হওয়ায় আগামী দিনগুলোতে যাত্রী পারাপার আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর গত ২৮ জুন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে একযোগে ভ্রমণ ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়। চলতি মাসের ৮ জুলাই থেকে আবেদনকারীরা ভিসা পাওয়া শুরু করেছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত