প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
খিচুড়ি রান্না করতে বিদেশ যাওয়ার দিন শেষ’: শিক্ষামন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না শেখা কিংবা কচুরিপানা পরিষ্কারের মতো বিষয়ে বিদেশ সফরে যেতেন। তবে সেই সময় এখন আর নেই। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও মূল্যবোধনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে।শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, “একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না করতে, কচুরিপানা পরিষ্কার করতে বিদেশে যেতেন। সেই দিন শেষ হয়ে গেছে। এখন সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ওপর গুরুত্ব দিচ্ছে।”তিনি জানান, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে খেলাধুলা, সংস্কৃতিচর্চা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে।মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে।”তিনি আরও জানান, নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং দেশের প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হবে।ড. এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে স্বল্প সময়ে পুরো কারিকুলাম পরিবর্তন সম্ভব নয়। এজন্য ধাপে ধাপে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের কাজ চলছে।শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে নতুন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আধুনিক পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত