প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর শোকবার্তা, জমির উদ্দিন সরকারকে হারাল দেশ
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন।তারেক রহমান বলেন, দলের দীর্ঘ সংগ্রাম ও প্রতিকূল সময়েও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কখনো আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। বিশেষ করে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসিকতা ও নেতৃত্ব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারিয়েছে। তার আদর্শ, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তার শেষে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত