প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, বাস্তবে তার ঘাটতি রয়েছে। এ কারণে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। আগের তুলনায় এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তারেক রহমান আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর, সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, "নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দিয়ে যাবে না।"এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত