প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
গ্রুপ পর্ব থেকেই বিদায়, তবুও মিলবে কোটি কোটি টাকা!
শুভ, সাব এডিটর ||
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু শিরোপার লড়াই নয়, সঙ্গে থাকে বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও। এবারের বিশ্বকাপে সেই প্রাইজমানির অঙ্ক অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৬ কোটি টাকা।ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পাশাপাশি টুর্নামেন্টের আর্থিক পুরস্কারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর আগে ফিফা ৭২৭ মিলিয়ন ডলার প্রাইজমানির ঘোষণা দিলেও পরে অংশগ্রহণ ফি ও প্রস্তুতি ব্যয় বাড়িয়ে মোট প্রাইজমানি ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ৪৪০ মিলিয়ন ডলারের তুলনায় এবারের প্রাইজমানি প্রায় ৬৫ শতাংশ বেশি।বিবিসির তথ্য অনুযায়ী, মোট প্রাইজমানির মধ্যে ৬৫৫ মিলিয়ন ডলার পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে বিতরণ করা হবে। বাকি ২১৬ মিলিয়ন ডলার ব্যয় হবে প্রস্তুতি, ভ্রমণ, আবাসন, লজিস্টিকস ও প্রতিনিধি দলের অন্যান্য খাতে। এই অর্থ সরাসরি খেলোয়াড়দের নয়, সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে দেওয়া হবে।ফিফার ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা প্রতিটি দল ১০ মিলিয়ন ডলার কোয়ালিফিকেশন ফি এবং ২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যয় বাবদ পাবে। অর্থাৎ মাঠে নামার আগেই প্রতিটি দলের নিশ্চিত আয় ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার।এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার, যা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাওয়া অর্থের চেয়ে ৮ মিলিয়ন ডলার বেশি। রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পারফরম্যান্স বোনাস হিসেবে পাবে ১৯ মিলিয়ন ডলার, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১৫ মিলিয়ন ডলার, রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার। এর সঙ্গে প্রতিটি দলের নিশ্চিত ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার অংশগ্রহণ ও প্রস্তুতি ভাতাও যুক্ত হবে।ফিফা জানিয়েছে, বিশ্বকাপে দল ও ম্যাচসংখ্যা বাড়ায় সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই অতিরিক্ত আয়ের একটি বড় অংশ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করতেই এবারের বিশ্বকাপের প্রাইজমানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত