প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাব অভিযান, ৭ দালালের কারাদণ্ড
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র্যাব-১০ সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে আটক ব্যক্তিরা হলেন—হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো. আরমান (৪৫)।ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।র্যাব জানায়, সরকারি দপ্তরে দালাল চক্রের অবৈধ কর্মকাণ্ড ও দৌরাত্ম্যের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়।জনস্বার্থে সরকারি দপ্তরগুলোতে দালাল চক্রের অপতৎপরতা নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত