প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
সরকারকে বিব্রত করতেই এই আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন; তারা পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো আছেই। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।"তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় তারাও পরীক্ষায় অংশ নিতে পারবে।পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী ইতোমধ্যে সংসদে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ বিষয়ে আর কিছু বলার নেই।আন্দোলনকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টিকে সরকার খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখছে না। তার দাবি, দুই-একটি জেলা ও ঢাকার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষকে আন্দোলনে দেখা গেছে। গণমাধ্যমে প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দাবি আদায়ে সচিবালয় ঘেরাও, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। এখনো সেই প্রবণতার কিছুটা প্রভাব দেখা যাচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে।আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে।সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি বলেন, এগুলো 'ডিসইনফরমেশন'। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে, অথচ কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।"
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত