প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক ||
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে জর্ডানে অবস্থানরত মার্কিন স্বার্থের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে জর্ডান জানিয়েছিল, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী ইরানের হরমুজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় বিমান অভিযান চালায়। এতে বন্দর-ই-খামির শহরের তিনটি সেতু, বন্দর আব্বাসের একটি রেলস্টেশন, একটি বিদ্যুৎকেন্দ্র এবং ইরানশাহরের একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া হামলার কারণে হরমুজগানের কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়।
তবে যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত