প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
ঢাকায় হর্ন দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধানমন্ত্রী বলেন, ইটভাটার দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন বাজানো নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।এ ছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত