প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
সিমসন ঘাট চালুর দাবিতে বুড়িগঙ্গায় মাঝিদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর ঐতিহ্যবাহী সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন নৌকা মাঝিরা। শনিবার সকালে নৌকা চলাচল বন্ধ রেখে কেরানীগঞ্জের কালিগঞ্জ গুদারাঘাট এলাকায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।বিক্ষোভে অংশ নেওয়া মাঝিরা দ্রুত সিমসন ঘাট পুনরায় চালুর পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পল্টুন অপসারণের দাবি জানান।তাদের অভিযোগ, সিমসন ঘাট বন্ধ হওয়ার পর থেকে যাত্রী পারাপার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ঘাটটি সরিয়ে দেওয়ায় কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লিতে পাইকারদের যাতায়াত কমে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জীবিকা সংকটে পড়েছেন নৌকার মাঝিরাও।আন্দোলনকারীরা জানান, প্রায় ২০০ বছরের পুরোনো সিমসন ঘাট বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট। আগে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এই ঘাট ব্যবহার করে সহজেই কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লিতে যাতায়াত করতেন। বর্তমানে ঘাটটি বন্ধ থাকায় তাদের বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে, ফলে অনেকেই আর এ পথে আসতে আগ্রহী নন।দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু অভিযোগ করেন, বিগত সরকারের সময় লঞ্চ মালিকদের সুবিধা দিতে সিমসন ঘাট বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মাঝিদের আয় কমে গেছে এবং স্থানীয় ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে।আন্দোলনকারীদের দাবি, ২০০৮ সালে প্রথমবার সিমসন ঘাট বন্ধ করা হলেও ব্যবসায়ী ও মাঝিদের আন্দোলনের মুখে তা পুনরায় চালু করা হয়। পরে ২০২০ সালে আবারও ঘাটটি বন্ধ করে সেখানে লঞ্চ রাখার জন্য পল্টুন স্থাপন করা হয়। এরপর থেকেই কালিগঞ্জ এলাকার ব্যবসা-বাণিজ্য ও নৌপথে যাত্রী পারাপার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এর আগে গত বুধবার একই দাবিতে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লির ব্যবসায়ীরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা দ্রুত সিমসন ঘাট পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত