প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
স্পেনের কাছে হার, শোকে আর্জেন্টিনায় ২ সমর্থকের মৃত্যু
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচের ফলাফলের পর রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (SAME) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি ফোনকল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা ঘটনাস্থলেই সিপিআর দিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থক শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
ফাইনাল শেষে বুয়েনস আইরেসের ওবেলিস্ক এলাকায় সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। এতে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ছোটখাটো সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফাইনালের পর এমন মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আতঙ্ক বা বিশৃঙ্খলা এড়াতে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত