প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
বৃষ্টি-বন্যার প্রভাবে মরিচের বাজারে আগুন, বাড়ল পেঁয়াজের দামও
শুভ, সাব এডিটর ||
রাজধানীর বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের দাম। মাত্র এক মাসের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে। মাসের শুরুতে যে মরিচ কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ২০০ থেকে ২২০ টাকা, আর কিছু বাজারে ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সঙ্গে কেজিতে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম, বেড়েছে অন্যান্য সবজির দামও।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের ভাষ্য, সপ্তাহখানেক আগে টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন সবজি উৎপাদনকারী এলাকায় জমি প্লাবিত হওয়ায় মরিচ ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম দ্রুত বেড়েছে।বাজারভেদে কাঁচা মরিচের দামে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। অধিকাংশ বাজারে ভালো মানের মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হলেও কোথাও কোথাও ২৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। তবে কারওয়ান বাজারে মানভেদে ১৬০ থেকে ২০০ টাকার মধ্যে মরিচ পাওয়া যাচ্ছে।বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা বলছেন, প্রতিদিনই যেন নিত্যপণ্যের দাম নতুন করে বাড়ছে। এক সপ্তাহ আগেও আড়াইশ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকায় পাওয়া গেলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে ৬০ টাকা গুনতে হচ্ছে।শুধু মরিচ নয়, পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক সপ্তাহ আগে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীদের মতে, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অন্যদিকে বাজারে ক্রেতার চাহিদা স্বাভাবিক থাকায় মূল্য কমার সুযোগ তৈরি হচ্ছে না। ফলে ১০০ টাকার নিচে সবজি পাওয়া এখন বেশ কঠিন, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত