প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, সরকারি চাকরিজীবীদের উদ্বেগ বাড়ছে
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জোরালো হলেও অর্থনৈতিক বাস্তবতা সরকারকে সতর্ক অবস্থানে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এক ধাপে পুরো পে স্কেল কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা বিবেচনায় রয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় সাড়ে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত। নবম পে স্কেল কার্যকর হলে তাদের বেতন-ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে।তবে অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আদায় প্রত্যাশিত হারে না বাড়ায় এবং বাজেট ঘাটতির চাপ থাকায় একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এজন্য প্রথমে মূল বেতন (বেসিক) বৃদ্ধি এবং পরে ধাপে ধাপে অন্যান্য ভাতা ও আর্থিক সুবিধা যুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সাম্প্রতিক বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, বড় পরিসরে বেতন বৃদ্ধি সরকারি ব্যয় ও মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নজর রয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দিকে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত