প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ইসিতে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি
শুভ, অনলাইন রিপোর্টার ||
নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটির দাবি, গত বছর ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে কিছুটা বেশি ছিল।রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া এ হিসাব জমা দেন।রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পার্টির মোট আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। ফলে আয়ের তুলনায় ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি ব্যয় হয়েছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের স্থিতিসহ ব্যাংকে দলের মোট জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের ব্যয় শেষে বর্তমানে ব্যাংকে অবশিষ্ট রয়েছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা। নির্বাচন থাকায় চলতি বছরে ব্যয় তুলনামূলক বেশি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, দলীয় প্রতীক নিয়ে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন এবং দল তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।এসময় সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিচার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে কোনো সংবিধানবিরোধী কর্মকাণ্ড করেছেন কি না, সেটিই আগে যাচাই করা প্রয়োজন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত