প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ বছরের শেষের দিকে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করেন, তাদের এ বিষয়ে সঠিক ধারণা নেই বলেও মন্তব্য করেন তিনি।এর আগে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত