প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
কেরানীগঞ্জে ইয়াবা উৎপাদন চক্রের সন্ধান, বিপুল ইয়াবাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের সন্ধান পেয়েছে র্যাব-১০। অভিযানে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল একটি ইয়াবা উৎপাদন ও বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৯৬৮টি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, উদ্ধার করা হয়।অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন - মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেরাই ইয়াবা তৈরির কাঁচামাল সংগ্রহ করে ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন।এছাড়া গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।উদ্ধার করা ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে বাহিনী।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত