প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।শিক্ষামন্ত্রীর ভাষ্য, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিপুল মানবসম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়। এজন্য কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। এর অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণা করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং জুলাইয়ের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না।তিনি বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি গড়ে তুলতে হবে।এ সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না।এছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্ররাজনীতি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে জুলাই আন্দোলন নিয়ে কোনো বিভেদ নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিচারণাও করা হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত