প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
তরুণদের উদ্ভাবনেই এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ী দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা জানান, বিশ্বচ্যাম্পিয়ন দলটি বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। প্রধানমন্ত্রী তাদের আন্তর্জাতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার আশ্বাস দেন।তারেক রহমান বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা, নকশা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজ নেন তিনি।উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত