প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
বাঁশখালীতে প্রধানমন্ত্রী, বন্যার্তদের হাতে তুলে দেবেন ঘরের চাবি
শুভ, সাব এডিটর ||
চট্টগ্রামে ব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়াসহ একাধিক কর্মসূচি রয়েছে তার।রোববার (৯ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।বাঁশখালীর বাহারছড়া সমুদ্রপাড়ে প্রধানমন্ত্রী পৌঁছালে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন তিনি। একই সঙ্গে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে এক লাখ টাকা করে দেওয়ার কর্মসূচি রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্র জানিয়েছে, সভায় নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নেবেন।সেখানে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।সফর শেষে রোববার রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত