প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হকের ডেল প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাম্পের কর্মচারীরা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ সড়কের বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসে কর্মচারীদের মারধর করে এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এই ঘটনায় ওইদিনই ডিএমপির বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।মামলার এজাহারে বলা হয়, ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানটির কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান গাড়ীর ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১নং সেক্টরস্থ পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডস্থ ক্রাউন প্লাজার সামনে বিআরটিএর লেইনের সামনে রাস্তার উপর পৌঁছালে পিছন থেকে ৩টি মোটর সাইকেলে করে অজ্ঞাতনামা ৬-৭জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে গতি রোধ করে। এ সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। পাশাপাশি আল-আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কিছুটা অগ্রগতি আছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলা যাচ্ছে না।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হামান তালুকদার বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।এদিকে মামলার বাদী ও ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম জানান, পেট্রোল পাম্পটির মালিক দুইজন। একজন তাসীন আক্তার হকের ডেল ও অন্যজন ইয়াছির মোহাম্মদ বিন আজিম খান।তাসীন আক্তার হক ডেলের মা প্রয়াত খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন খুরশীদ জাহান হক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত