প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দেশে আসবে।বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, আগস্টে সব মিলিয়ে ৯ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে চারটি কার্গো দেশে পৌঁছেছে। বাকি পাঁচটি চালান ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্টের বাকি পাঁচ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। স্পট মার্কেটের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এসব গ্যাস কেনা হয়েছে।তিনি জানান, সাধারণত প্রতিটি এলএনজি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে। আগস্টে আমদানি করা মোট নয়টি কার্গোতে প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।পেট্রোবাংলা সূত্র অনুযায়ী, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তিতে পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো কেনা হয়েছে।এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। এসব চালানে প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ এলএনজি দেশে আসে।আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করছে।সরকার প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকেও প্রয়োজন অনুযায়ী এলএনজি আমদানি করে থাকে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত