প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য চালু হচ্ছে নিয়মিত নতুন একটি মার্কেটপ্লেস। আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’।দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি আধুনিক ও সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। এ উদ্যোগে ভেন্যু পার্টনার হিসেবে থাকছে আইসিসিবি। সংবাদ সম্মেলনে বারভিডার মহাসচিব রিয়াজ রহমানসহ দেশের বিভিন্ন অটোমোবাইল ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, দেশের শীর্ষ গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই জায়গায় নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ফলে ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি তুলনা করার সুযোগ পাবেন।এ বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ থাকবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ঋণ ও অর্থায়ন সুবিধা সম্পর্কেও ক্রেতারা সরাসরি জানতে পারবেন।আয়োজকদের ভাষ্য, দেশে গাড়ির বাজার দ্রুত বাড়লেও নিয়মিত ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্মের অভাব রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিক্রেতারা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।প্রতি শুক্রবার আয়োজিত এই বাজারে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। ব্যক্তিমালিকানাধীন যানবাহনও বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।অটোমোবাইল বিশেষজ্ঞ ও কার-বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটিকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের মতে, একই প্ল্যাটফর্মে একাধিক ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানকে পাওয়া গেলে ক্রেতাদের জন্য গাড়ি কেনার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত