প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
শোক দিবশ: নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক ||
১৫ আগস্ট উপলক্ষে শোক পালন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক তিন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৃথক মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।আসামিদের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন অর্ণব দাস (৩২)। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবী লিটন মিয়া। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশের দাবি, অর্ণব দাস কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানায় নেওয়া হয়।এদিকে ১৫ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে সড়কে খাবার বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী মিরাজুল ইসলাম ও বিজয় ৭১ হলের শিক্ষার্থী আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে পুলিশ দাবি করেছে, ওই সময় তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১৫ জন পালিয়ে যান।অন্যদিকে ১৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন সজল ওরফে কাজলকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের ২৬ অক্টোবর রূপনগর থানাধীন বিইউবিটির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তারা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন।
ধানমন্ডির ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত