প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
আদালত প্রতিনিধি ||
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে নেওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪) এবং মিন্টু রাড়ী (২৩)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিনউদ্দীন এতথ্য নিশ্চিত করেন। এর আগে, আসামিদের আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা লালবাগ বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জব্দকৃত অস্ত্র গুলি ব্যবহার করে ঢাকা মহানগরী ও আশপাশ এলাকায় ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিল। এমতাবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। উল্লেখ্য যে, পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া টাকার একটি অংশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।মামলার বিবরণে বলা হয়, গত ৯ আগস্ট প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ডভ্যান গাড়ির ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন উত্তরা ১নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটর সাইকেলে অজ্ঞাতনামা ৬-৭জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে গতি রোধ করে। এ সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এছাড়া দুষ্কৃতিকারীরা সহকারী ম্যানেজার আল-আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর আঘাতসহ ডাকাতির অভিযোগে মামলাটি দায়ের করেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম। এছাড়াও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এদিকে, একই ঘটনায় দুপুরে গ্রেপ্তার ডাকাতির অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় সাগর বাড়ৈ (৪১) এর সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত