প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
আ.লীগ ৫০-৬০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে বাকি রেখে গেছে: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক ||
আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ৫০-৬০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমির খসরু বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গেছে। ব্যাংকে টাকা নেই, শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে এবং দেশের তহবিলে কোনো টাকা নেই। এর পাশাপাশি বিপুল পরিমাণ দায়-দেনাও রেখে গেছে তারা।তিনি বলেন, “সবচেয়ে বড় কথা টাকা নাই তো নাই, এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস (ঋণ পরিশোধ) থেকে। পঞ্চাশ-ষাট হাজার কোটি টাকা পাওয়ারে (বিদ্যুৎ খাতে) বাকি রেখে গেছে।”এই অর্থমন্ত্রী বলেন, প্রচুর প্রজেক্টের নামে আমাদের দায়-দেনা সৃষ্টি করে গেছে। এসব প্রজেক্ট থেকে আমাদের কোনো রিটার্ন হবে না কোনোদিন। কিন্তু আমাকে দায়-দেনা শোধ করতে হচ্ছে। আর্থিক তহবিলের এমন পরিস্থিতির মধ্যেও সরকারকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিতে হয়েছে। এসব উদ্যোগের উদ্দেশ্য হলো নিম্ন আয়ের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।অর্থনীতির গণতন্ত্রায়নের ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়; অর্থনীতিতে গণতন্ত্রায়ন না হলে রাজনৈতিক গণতন্ত্রও সফল হবে না। দেশের প্রতিটি মানুষের অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে।তিনি বলেন, এবারের বাজেটে ‘ক্রিয়েটিভ ইকোনমি’র বিষয়টি রাখা হয়েছে। গ্রামের কামার, কুমার, তাঁতি, কুটিরশিল্পী থেকে শুরু করে গান, নাটক, থিয়েটার ও খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রেপ্তারের স্মৃতিচারণ করে আমির খসরু বলেন, এর আগে বহুবার জেলে গেলেও এবার গ্রেপ্তারের পর তার মনে হয়েছিল, আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তারপর মামলা দিয়েছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তো আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই! আমি ধরেই নিয়েছি আমার আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কীভাবে থাকব।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকসহ অনেকেই।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত