প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার হবে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক ||
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে বেলা ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।তিনি জানান, বিকেল ৫টার মধ্যে ভোট গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হবে। ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে।রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও প্রার্থীদের ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে। এরপর পুরো ভোটপ্রক্রিয়া রেকর্ড করা হবে এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত তা চলবে।বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আগামীকাল একটি ইতিহাসের মাহেন্দ্রক্ষণ তৈরি হবে এবং গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। সংসদীয় দলের সভায় সব সদস্যের কাছে তার পক্ষে ভোট চাওয়া হয়েছে।নুরুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর তারা নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করেছেন। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে চান তারা।তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী থাকবেন, ডক্টর অলি আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ পাবে। আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা সম্ভব হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত