প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
জমি বিরোধে কৃষক হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি ||
জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলীকে হত্যার মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুজনই কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাসিন্দা।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, ২০২৫ সালের ২৮ মে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী কৃষক নায়েব আলীকে মারধর করা হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশের তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিচারিক কার্যক্রম শুরু হলে মাত্র সাত কার্যদিবসের মধ্যে মামলাটির বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়। রায়ে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড ও তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি উভয়কে অর্থদণ্ড দেওয়া হয়।রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী বিল্লাল হোসেন। তিনি বলেন, তার বাবাকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালিব। তিনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত