প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নয়, অপরাধে জড়িতরাই সমাজের আসল প্রতিবন্ধী’: গয়েশ্বর চন্দ্র রায়
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আশার কথা শোনালেন স্থানীয় সংসদ সদস্য। তিনি বলেন, যথাযথ চিকিৎসা, মূল্যায়ন ও সুযোগ পেলে এসব শিশুও একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে, এমনকি সংসদে গিয়ে দেশ পরিচালনাতেও ভূমিকা রাখতে পারে।তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও একদিন সংসদে গিয়ে দেশ পরিচালনা করতে পারে। এর জন্য তাদের প্রয়োজন সঠিক চিকিৎসা ও যথাযথ মূল্যায়ন।শনিবার (২২ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায় কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য এসব কথা বলেন।এ সময় সংসদ সদস্য বলেন, ‘একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে কেউ যদি বোঝা মনে করেন, তাহলে সেই ব্যক্তিই বুদ্ধির প্রতিবন্ধী। কারণ একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু জন্মগতভাবে অপরাধী নয়। সমাজে চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু ও মাদকসেবী যারা রয়েছেন, তারাই আসল প্রতিবন্ধী।’তিনি আরও বলেন, ‘একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে যথাযথ মর্যাদা ও চিকিৎসার মাধ্যমে পরিচালনা করা গেলে এই শিশুটি একদিন সংসদে গিয়ে দেশ পরিচালনা করতে পারে। তাই তাদের প্রতি কোনো অবহেলা নয়; বরং যথাযথ মর্যাদা দিয়ে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।’সংসদ সদস্য বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে সরকার প্রধান তারেক রহমান নিজেই হস্তক্ষেপ করছেন। তাদের সুযোগ-সুবিধার জন্য সরকারি উদ্যোগে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ সময় তিনি ঘোষণা দেন, কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য দেড় একর জমি বন্দোবস্ত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত স্কুলটি নির্মাণের ব্যবস্থা করার নির্দেশনা দেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানান সংসদ সদস্য বয়সে চন্দ্র রায়।স্কুলটির প্রধান শিক্ষক ডা. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা মানুষের মেধার বিকাশ কিংবা সমাজে নিজের অবদান রাখার পথে বাধা হতে পারে না।’বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তিনি বিশ্বের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন। তিনিও প্রতিবন্ধী ছিলেন। শুধু স্টিফেন হকিং নন, বুদ্ধি বা শারীরিক প্রতিবন্ধী যে কেউ বড় কোনো অবস্থানে যেতে পারেন। তারা বিজ্ঞানী, চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে পারেন।’অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান প্রতিবন্ধী ভেবে তাকে অবহেলা না করে সঠিকভাবে পরিচালনা করতে হবে। একসময় দেশের গুরুত্বপূর্ণ স্থানে তারও জায়গা হবে। তিনি বলেন, ‘সুস্থ থেকেও যারা সমাজের কল্যাণে কাজে আসেন না, তারাই আসল প্রতিবন্ধী।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও ঘোষণা দেন, খুব দ্রুত দেড় একর জমির ওপর কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট খন্দকার এম মনিরুজ্জামান, মোজাদ্দেদ আলী বাবু, মোকারম হোসেন সাজ্জাদ, ঈমান উল্লাহ মাস্তান, আশরাফুল আলম শুপু, নাসির উদ্দিনসহ আরও অনেকে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত