প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নিয়ম মেনেই কাজ করবে তথ্য মন্ত্রণালয়: পার্থ
শুভ, সাব এডিটর ||
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের বদলে নিয়মকানুন যথাযথভাবে প্রয়োগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে নিজের কর্মপরিকল্পনার বিষয়ে এ বার্তা দেন তিনি। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে পার্থ বলেন, মন্ত্রণালয় অবশ্যই তার দায়িত্ব রেগুলেট করবে, তবে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের দিকে না যায়।নতুন তথ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও জাতীয় অর্জনের বিষয়গুলোতেও ইতিবাচক প্রভাব রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সরকার কঠিন একটি সময়ে দায়িত্ব নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কাজে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, নৈতিকতার জায়গা থেকে শক্ত অবস্থানে থেকেই দায়িত্ব পালন করতে হবে।মতবিনিময়ে জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূমিকার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। পাশাপাশি অতীতে যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে নতুন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। নতুন দায়িত্ব গ্রহণের পর সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া এবং ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্য মোকাবিলা বর্তমানে মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ। তিনি নতুন তথ্যমন্ত্রীকে এ দায়িত্বের জন্য উপযুক্ত ব্যক্তি বলেও উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আধুনিকায়ন ও ডিজিটাল সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের কার্যক্রমে দ্রুত পরিবর্তন আনার কথাও জানান তিনি। মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত