প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
কক্সবাজার বিমান বন্দরে দুবাই থেকে আসা ৩১ ভরি স্বর্ণ কক্সবাজারে জব্দ, আটক ২
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি ||
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে একটি স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ আগস্ট ২০২৬ শনিবার সন্ধ্যা ৭ টায় বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লক্ষ টাকা মুল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪ টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও ৩ টি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।আটককৃত চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত আলামত ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত