প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
সরকারের সমালোচনা করুন, বাধা নেই: আইনমন্ত্রী
শুভ, সাব এডিটর ||
নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সরকারের সমালোচনা করার অধিকারও সবার রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন আইনমন্ত্রী।তিনি বলেন, জনগণ যাতে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখার কথা জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, আগের সরকারের সময়ে কথা বলার কারণে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে। সরকারের কাজের ভুল থাকলে তা সংশোধনের জন্য সরকার উন্মুক্ত বলেও জানান তিনি। গুমের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে এবং আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তার ভাষ্য, আগের খসড়াগুলোতে কিছু অস্পষ্টতা থাকায় সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান তিনি। মিথ্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না—এমন কথা বলা যাবে না। তবে বিষয়টি নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানান তিনি।
সংবিধান সংস্কার নিয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী। তিনি জানান, জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত