প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগ: বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং স্থগিত
শুভ, সাব এডিটর ||
পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সেখানে চলমান কার পার্কিং কার্যক্রম স্থগিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বাদামতলী মার্কেটসংলগ্ন অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ নির্দেশ দেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে ডিএসসিসির সহযোগিতা চান। বিষয়টি জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
ডিএসসিসি জানিয়েছে, বাবুবাজার ব্রিজের নিচে ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকে প্রায় ২৮ হাজার ৫১ বর্গফুট জায়গায় পরিচালিত পার্কিং কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সম্প্রতি বাবুবাজার এলাকায় সিটি করপোরেশনের নাম ব্যবহার করে পার্কিংয়ের নামে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। একই সঙ্গে পার্কিংয়ের জায়গায় বিভিন্ন দোকানপাট ও অন্যান্য ব্যবসা পরিচালনার অভিযোগও উঠে আসে। এতে ওই এলাকায় যানজট ও জনভোগান্তি বাড়ছে বলে অভিযোগ ছিল।
বাবুবাজার ব্রিজের নিচের জায়গাটি মূলত গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহারের কথা থাকলেও সেখানে নানা ধরনের ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এর ফলে সড়ক ও ফুটপাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ডিএমপির পক্ষ থেকেও এর আগে বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অবৈধ পার্কিং এবং সড়ক দখলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে রাস্তা দখল ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক ও জরিমানা করা হয়েছিল।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য। নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ সিটি করপোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।
অন্যদিকে, বাদামতলী এলাকার অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদ করা হলে দীর্ঘদিনের যানজট অনেকটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন ডিএসসিসি ও ডিএমপির সমন্বয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত